September 12, 2026, 5:11 am

ডেঙ্গু ঝুঁকিতে বরিশাল, বাড়ছে উদ্বেগ

শওকাত হোসেন সদর প্রতিনিধি বরিশাল

বরিশাল বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭ হাজার ৯০৫ জন। এ সময়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা শেষে ৭ হাজার ৪১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৭৮ জন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল বিভাগের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে একজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, ভোলায় চারজন এবং পিরোজপুরে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বরিশাল, বরগুনা ও ঝালকাঠিতে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। একই সময়ে পটুয়াখালীতে একজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, ভোলায় ১০ জন এবং পিরোজপুরে আটজন রোগী ছাড়পত্র পেয়েছেন। বরিশাল, বরগুনা, ঝালকাঠি ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ সময়ে কেউ ছাড়পত্র পাননি। বছরের শুরু থেকে মোট আক্রান্তের হিসাবে পিরোজপুরে ২ হাজার ৯১ জন, ঝালকাঠিতে ১ হাজার ৮২৪, বরগুনায় ১ হাজার ৮০, বরিশালে ৮১৬, পটুয়াখালীতে ৭৬১, ভোলায় ৪৫০, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩৬ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪৭ জন আক্রান্ত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর হিসাবে পিরোজপুরে একজন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন। চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি রোগী ছাড়পত্র পেয়েছেন পিরোজপুরে ২ হাজার জন। এরপর ঝালকাঠিতে ১ হাজার ৭৬৩, বরগুনায় ১ হাজার ২০, বরিশালে ৭৭৯, পটুয়াখালীতে ৭১০, ভোলায় ৪২৫, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৫ জন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর চাপ অব্যাহত থাকায় নগরবাসী ও সংশ্লিষ্টরা মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং দ্রুত কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার