September 12, 2026, 8:07 am

গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান এলাকায় ঝটিকা মিছিলের পর এসব গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে এগিয়ে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে গুলশান এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মিছিল ছত্রভঙ্গ করার পর ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবারই মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও ঘটনাটির সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ককটেল নিক্ষেপের ঘটনা, মিছিলে কারা অংশ নিয়েছিল এবং ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।



ফেসবুক কর্নার