September 14, 2026, 5:28 am

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৪৭২ বিদেশি আটক

অভয়নগর প্রতিবেদক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের লেবুহ পুদু এলাকায় ইমিগ্রেশন বিভাগের (JIM) নেতৃত্বে বড় ধরনের Ops Mega সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি (WPKL)-এর ইমিগ্রেশন পরিচালক দাতুক হামশা বিন ইনজাউ। বিদেশিদের পরিচালিত বা বিদেশি কর্মী নিয়োগ করা হয়েছে—এমন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মূলত অভিযান চালানো হয়। এতে ৩৩৭ জন আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা অংশ নেন। তাদের মধ্যে ২১৮ জন ইমিগ্রেশন কর্মকর্তা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় (KKM), জাতীয় নিবন্ধন বিভাগ (JPN), KPDN, SSM, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ (JBPM) ও DBKLসহ বিভিন্ন সংস্থার ১১৯ জন কর্মকর্তা ছিলেন।
অভিযান চলাকালে মোট ২ হাজার ৫০০ জনকে পরীক্ষা করা হয়। ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের মধ্য থেকে ৪৭২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছর; এর মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি—৩৬৪ জন, সবাই পুরুষ। এছাড়া মিয়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ১৮ জন, নেপালের ৮ জন, পাকিস্তানের ৭ জন, ইন্দোনেশিয়ার ৭ জন, ভারতের ৬ জন, চীনের ৩ জন, জিম্বাবুয়ের ১ জন ও সৌদি আরবের ১ জন নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন বিভাগের ভাষ্য অনুযায়ী, বৈধ পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং স্বীকৃত নয় এমন কার্ড বহনসহ বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
আটক সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কুয়ালালামপুরের Bukit Jalil Immigration Detention Depot-এ নেওয়া হয়েছে। JIM WPKL জানিয়েছে, অবৈধ বিদেশি কর্মী নিয়োগ, তাদের আশ্রয় বা সুরক্ষা দেওয়ার সঙ্গে জড়িত নিয়োগকর্তা, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিদেশি নাগরিক ও নিয়োগকর্তাদের Program Repatriasi Migran (PRM)-এর সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিভাগটি। বর্তমান তথ্য অনুযায়ী, এ কর্মসূচি ৩১ মে ২০২৭ পর্যন্ত চলবে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের বৈধ পাসপোর্ট, ভিসা, পাস ও কাজের অনুমতিসংক্রান্ত কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং নিজ নিজ পাসের শর্ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার