September 14, 2026, 4:09 am

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার প্রবাসী ফেরত

অভয়নগর প্রতিবেদক

নিরাপত্তা ও বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ প্রবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ৫০৪ জন, সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫০৯ জন রয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টার সময় ২৫ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া, লুকিয়ে রাখা কিংবা কাজে সহায়তার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রশাসনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৩০ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। একই সঙ্গে এসব অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও রয়েছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ অভিবাসন ও বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশটিতে অবস্থানরত প্রবাসীদের বৈধ কাগজপত্র সংরক্ষণ, আবাসন আইন ও শ্রমসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার