September 14, 2026, 7:32 pm

দীপা খন্দকারের নতুন লুক ঘিরে ভক্তদের কৌতূহল

অভয়নগর প্রতিবেদক

, এলোমেলো চুল, সাদামাটা শাড়ি আর বিষণ্ন দৃষ্টি—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে অভিনেত্রী দীপা খন্দকারকে দেখে ভিন্ন এক রূপে আবিষ্কার করেছেন ভক্তরা। ছবিটি প্রকাশের পর থেকেই তাঁর নতুন লুক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) অভিনেত্রী নিজেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ছবিতে দীপার চেহারা ও সাজসজ্জায় এমন পরিবর্তন দেখা যায়, যা তাঁর পরিচিত পর্দার চরিত্রগুলোর তুলনায় বেশ আলাদা। ফলে ছবিটি বাস্তব জীবনের কোনো ঘটনার ইঙ্গিত কি না, তা নিয়েও অনেকে আগ্রহ দেখান।
তবে জানা গেছে, ছবিটি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কোনো মুহূর্ত নয়। নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর একটি দৃশ্যের স্থিরচিত্র এটি। সিরিজটি ইতোমধ্যে মুক্তি পেয়েছে। পারিবারিক গল্পের নাটকে অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত মুখ দীপা খন্দকার। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি এ ধরনের গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পনির্ভর নাটকের প্রতি দর্শকদের আগ্রহ আবারও বাড়ছে বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, অনেক নির্মাতা এখন আবার পারিবারিক গল্প নিয়ে কাজ করছেন এবং দর্শকরাও এসব নাটক আগ্রহ নিয়ে দেখছেন।
গণমাধ্যমে দীপা খন্দকার বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি পারিবারিক গল্পের নাটককে প্রাধান্য দিয়ে আসছেন। মাঝখানে নাটকের গল্পে এ ধরনের বিষয় কিছুটা কমে গেলেও এখন আবার নির্মাতারা পারিবারিক গল্পে ফিরছেন। ‘কর্মফল’ নিয়েও তিনি আশাবাদী। তাঁর প্রত্যাশা, সিরিজটির গল্প ও চরিত্র দর্শকদের ভালো লাগবে এবং প্রতিটি চরিত্রের মধ্যে তারা নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পাবেন। ‘কর্মফল’ মিনি সিরিজে দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ.খ.ম হাসান, মনিরা মিঠুসহ আরও অনেকে। সিরিজটির স্থিরচিত্রে দীপার ব্যতিক্রমী উপস্থিতিই এখন ভক্তদের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠেছে।



ফেসবুক কর্নার