September 14, 2026, 7:32 pm

সিডনির স্পোর্টস বিজ্ঞাপন ঘিরে তীব্র বিতর্ক, নীরব জবাব

অভয়নগর প্রতিবেদক

হলিউড অভিনেত্রী সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি স্পোর্টস প্রেডিকশন ও ট্রেডিং প্ল্যাটফর্ম ‘নোভিগ’-এর প্রচারণায় সিডনির অংশগ্রহণের পর থেকেই বিজ্ঞাপনটির উপস্থাপন নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকদের একাংশের অভিযোগ, খেলাধুলাভিত্তিক বিজ্ঞাপনে নারীর শরীরকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে উপস্থাপন করা অপ্রয়োজনীয় এবং এতে নারীকে পণ্যের মতো দেখানোর প্রবণতা তৈরি হয়। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও সিডনি তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
সমালোচনার মধ্যেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেরেনা উইলিয়ামস, রোন্ডা রাউসি, সু বার্ড, মেগান র‌্যাপিনো, রব গ্রঙ্কোস্কি ও জেসন কেলসির মতো ক্রীড়াঙ্গনের পরিচিত তারকাদের ছবি একের পর এক শেয়ার করেন সিডনি। অতীতে এসব তারকার খেলাধুলাভিত্তিক বিভিন্ন ফটোশুট নিয়েও আলোচনা হয়েছে। সিডনির এই পোস্টগুলোকে অনেকেই সমালোচকদের উদ্দেশে তাঁর পরোক্ষ জবাব হিসেবে দেখছেন। অন্যদিকে বিজ্ঞাপনটিতে নারীকে যৌনতার দৃষ্টিতে উপস্থাপনের বিরোধিতা করে ক্রীড়াজগতের কয়েকজন তারকাও প্রকাশ্যে সমালোচনা করেছেন। চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ানে টিটমাস নারী ক্রীড়াবিদদের দীর্ঘ পরিশ্রম ও সাফল্যকে ভিন্নভাবে উপস্থাপনের আহ্বান জানান। ওয়াটার পোলো তারকা টিলি কার্নসও বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন।
বিতর্কের মধ্যে সিডনি ও বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান নিজেদের অবস্থানও তুলে ধরেছে। সিডনির পক্ষ থেকে বলা হয়েছে, প্রচারণাটির মূল উদ্দেশ্য ছিল খেলাধুলাকে কেন্দ্র করে একটি মজাদার ও ভিন্নধর্মী ধারণা উপস্থাপন করা। বিজ্ঞাপনের সৃজনশীল পরিকল্পনায় তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন এবং প্রতিষ্ঠানটির ইকুইটি পার্টনার হিসেবেও যুক্ত হয়েছেন। নোভিগের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কি বলেন, বিনোদন জগতের আলোচনার বাইরে খেলাধুলার প্রতি মানুষের মনোযোগ বাড়াতেই সিডনি এই উদ্যোগে অংশ নিয়েছেন। বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা ও সমর্থন—দুই ধরনের প্রতিক্রিয়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার