September 15, 2026, 9:24 am

জয়াকে সময়মতো প্রস্তুত করতে অমিতাভের মজার কৌশল

অভয়নগর প্রতিবেদক

দাম্পত্য জীবনের নানা মজার অভিজ্ঞতা মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এবার স্ত্রী জয়া বচ্চনকে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে সময়মতো প্রস্তুত করাতে নিজের বিশেষ এক কৌশলের কথা জানিয়েছেন তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) ১৮-এর একটি প্রচারণামূলক ভিডিওতে এক নারী প্রতিযোগীর প্রশ্নের জবাবে অমিতাভ জানান, কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় জয়ার প্রস্তুত হতে দেরি হওয়ার বিষয়টি সামলাতে তিনি অনুষ্ঠানের প্রকৃত সময়ের এক ঘণ্টা আগের সময় বলে দেন। যেমন সন্ধ্যা ৬টায় কোনো বিয়ে হলে জয়ার কাছে সেটি বিকেল ৫টার অনুষ্ঠান হিসেবে উল্লেখ করেন।
অমিতাভের ভাষ্য অনুযায়ী, এভাবে সময় জানালে জয়া সাধারণত বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেন। ফলে শেষ পর্যন্ত দুজনই নির্ধারিত সময়ে অনুষ্ঠানে পৌঁছাতে পারেন। এর আগে কেবিসির আরেক পর্বেও স্ত্রী জয়ার সঙ্গে দাম্পত্য জীবনের মজার একটি অভিজ্ঞতা জানিয়েছিলেন অমিতাভ। তিনি বলেন, কোনো দিন দেরি করে বাড়ি ফিরতে হলে সকালে পরিবারের গ্রুপে ‘নমস্কার’ জানিয়ে আগেই বিষয়টি জানিয়ে দেন। এতে পরিবারের সদস্যরা তার জন্য রাতের খাবারের অপেক্ষা করেন না। তবে আগেভাগে না জানালে জয়ার বকুনি শুনতে হয়। বেশি দেরি হলে জয়া খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন বলেও জানান তিনি।
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পরিচয় ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবির সেটে। পরে ১৯৭২ সালে ‘এক নজর’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ‘জঞ্জির’ ছবির সাফল্যের পর ১৯৭৩ সালে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। একই বছরের ৩ জুন ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে হয় এবং সেদিনই তারা লন্ডনের উদ্দেশে রওনা হন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান—শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন।



ফেসবুক কর্নার