September 15, 2026, 6:19 pm

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না

আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। দ্রুত নির্বাচন আয়োজন করে জনগণের ক্ষমতা তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এলেও নির্বাচন নিয়ে বর্তমান সরকারের মধ্যেও অনীহা দৃশ্যমান বলে তিনি দাবি করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দলের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শুরু থেকেই স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হয়েছে। এখন নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করার পর নানা ধরনের আইন ও রীতির কথা বলা হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বা সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তাদের প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত নির্বাচন আয়োজন করে স্থানীয় সরকারের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
দেশ পরিচালনায় সরকারের দক্ষতার ঘাটতি দৃশ্যমান এবং কোনো কোনো ক্ষেত্রে সদিচ্ছার অভাবও পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তাঁর ভাষ্য, নতুন সরকার গঠনের পর কাজ গুছিয়ে নেওয়ার জন্য যে সময় প্রয়োজন, তা বর্তমান সরকার ইতোমধ্যে পেয়েছে। এখন আর আগের সরকার বা আগের রেজিমের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। সভায় দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, প্রচার ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার