
কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। পারিবারিক কারণে প্রবাসে থাকলেও কাজ ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যে আলোচনায় আসেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্বামী অভিনেতা ওমর সানীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানান মৌসুমী। ভিডিওর শুরুতে সালাম দিয়ে তিনি সবার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানান এবং তাদের দীর্ঘদিনের রেস্টুরেন্ট ব্যবসার কথা তুলে ধরেন।
ভিডিও বার্তায় মৌসুমী জানান, তাদের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এবার সাভারের হেমায়েতপুরে নতুন একটি শাখা চালু করা হচ্ছে। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন শাখাটির উদ্বোধন হবে। এ উদ্যোগের বিষয়ে মৌসুমী বলেন, হঠাৎ করেই নতুন শাখাটি চালুর সিদ্ধান্ত হলেও তিনি আশা করছেন, যারা দীর্ঘদিন ধরে তাদের পাশে আছেন এবং রেস্টুরেন্টের নিয়মিত গ্রাহক, তারা এবারও সেখানে আসবেন। নতুন শাখায় চাপের পাশাপাশি বাঙালিয়ানার বিভিন্ন ধরনের খাবার পরিবেশনের কথাও জানান তিনি।
বার্তার শেষ দিকে ভক্ত-অনুরাগীদের শুভকামনা জানান মৌসুমী এবং নিজেদের জন্য দোয়া চান। এদিকে বিভিন্ন সময়ে ওমর সানী ও মৌসুমীর সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও তারা প্রকাশ্যে এসব গুঞ্জন নিয়ে ভিন্ন কোনো বক্তব্য দেননি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও কলে দুজনকে কথা বলতে দেখা যায়। এবার রেস্টুরেন্টের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে মৌসুমীর ভিডিও বার্তায়ও তাদের পারিবারিক ও ব্যবসায়িক যোগাযোগের বিষয়টি সামনে এসেছে।