September 17, 2026, 9:42 am

কণ্ঠশিল্পী সালমার বাবা ফজলুল হকের দাফন সম্পন্ন

তানভীর আজাদ জাহিদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা বিজয়ী মৌসুমী আক্তার সালমার বাবা মো. ফজলুল হক আর নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত ফজলুল হক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের প্রয়াত মাওলা বক্সের দ্বিতীয় ছেলে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় তারাগুনিয়া গঙ্গারামপুর নতুন গোরস্থানে মরহুম ফজলুল হকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে একই গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন কণ্ঠশিল্পী সালমা। সেখানে তিনি লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ তাঁর এই বার্তায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংগীতাঙ্গনের সহকর্মীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
সংগীতজীবনে ব্যস্ত সময় পার করলেও বাবাকে হারানোর বেদনায় শোকাহত সালমা। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে তাঁর ‘প্রেম লীলা’ গান প্রকাশ পেয়েছে। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও প্রকাশিত হয়েছে। সাময়িক বিরতির পর তিনি গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ গানটি রেকর্ড করেছেন। পাশাপাশি রোহান রাজের লেখা ও সুর করা ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানটির নতুন সংগীতায়োজনেও কণ্ঠ দিয়েছেন তিনি। সংগীতের ব্যস্ততার মধ্যেই বাবাকে হারিয়ে শোকের ভার নেমে এসেছে শিল্পীর জীবনে।



ফেসবুক কর্নার