September 19, 2026, 10:09 am

প্রথম ক্রাশের ভিডিও শেয়ার করে যা লিখলেন পরীমনি

অভয়নগর প্রতিবেদক

 

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নিজের অনুভূতি ও পছন্দের বিষয়গুলো প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার নিজের ‘প্রথম ক্রাশ’ হিসেবে পরিচিত অভিনেতা রনিত রায়ের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত ওই ভিডিওতে রনিত রায়কে গভীর মগ্নতায় বাঁশি বাজাতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে অভিনেতার একটি জীবনমুখী বক্তব্যও ছিল। সেখানে তিনি লেখেন, যাদের ছাড়া মানুষ বাঁচতে পারবে না, তাদেরই একসময় নিজেকে ছাড়া বাঁচতে শেখানো হয়।

রনিত রায়ের বাঁশি বাজানোর ভিডিও এবং আবেগঘন বক্তব্যটি পরীমনির পছন্দ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে রনিত রায়ের নামের পাশে একটি লাল ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। এর আগে এক সাক্ষাৎকারে নিজের জীবনের ‘প্রথম’ নানা বিষয় নিয়ে কথা বলেছিলেন পরীমনি। সেখানে তাকে প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয় ও প্রথম সিনেমা মুক্তির অনুভূতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। প্রথম ক্রাশ সম্পর্কে জানতে চাইলে পরীমনি সরাসরি রনিত রায়ের নাম উল্লেখ করেছিলেন।

ভারতের অভিনেতা রনিত রায় টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ‘আদালত’ সিরিজে ‘কেডি পাঠক’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভারতীয় দর্শকদের কাছে তিনি বিশেষভাবে পরিচিতি পান। সেই অভিনেতার ভিডিও আবারও নিজের ফেসবুক পেজে শেয়ার করায় বিষয়টি নিয়ে পরীমনির অনুসারীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালো লাগা ও বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করে থাকেন পরীমনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের প্রথম ক্রাশ হিসেবে যাকে উল্লেখ করেছিলেন, সেই রনিত রায়ের ভিডিও শেয়ার করেই নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।



ফেসবুক কর্নার