September 19, 2026, 10:10 am

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটি। তবে এ আসনে দলের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। রিজভী বলেন, স্থায়ী কমিটির বৈঠকটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী জানান, সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন হলেও চূড়ান্তভাবে কে বা কারা মনোনয়ন পাবেন, সে সিদ্ধান্ত পরে জানানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার পর গুলশানে দলের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। উল্লেখ্য, বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শূন্য আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের পর এখন দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার