September 19, 2026, 9:24 am

মোদির জন্মদিনে ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের

অভয়নগর প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আলিয়া। সেখানে তিনি মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জানান, ‘সেবা সংকল্প অভিযান’-এর ভাবনার সঙ্গে একাত্ম হয়ে শিশুদের শেখার জন্য আরও উন্নত পরিবেশ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলিয়া ও রণবীর মুম্বাইয়ের ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) সুপারিশ অনুযায়ী ২০টি স্কুল সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি নিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

‘সেবা সংকল্প অভিযান’কে কেন্দ্র করেই এই উদ্যোগের ঘোষণা আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মোদির জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মাসব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচিতে রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান, জনসংযোগসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা জানানো হয়েছে। আলিয়া তার পোস্টে এই কর্মসূচিকে সম্মিলিত উদ্যোগ ও সমাজের প্রতি দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করে শিশুদের জন্য আরও ভালো শিক্ষা-পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তাঁর ঘোষণায় ২০টি স্কুলের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়তার বিষয়টি স্পষ্ট করা হয়।

এদিকে কাজের দিক থেকে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। ছবিতে তাদের সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। আগামী বছর ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতেও আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন উদ্যোগের পাশাপাশি পর্দায়ও এই তারকা জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। মুম্বাইয়ের ২০টি স্কুল সংস্কারের প্রতিশ্রুতির মাধ্যমে এবার সামাজিক উদ্যোগেও একসঙ্গে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তারা।



ফেসবুক কর্নার