September 19, 2026, 9:24 am

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাবেশ শুরু

ইসমাইল হোসেন

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সমাবেশ শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

**সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতারা। এর আগে ১৩ সেপ্টেম্বর জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছিল। **

**উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে বিভিন্ন স্থানে পথসভা আয়োজনের কথা রয়েছে এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লংমার্চের দাবিগুলোর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও রয়েছে। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্মসূচির প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। **



ফেসবুক কর্নার