September 20, 2026, 10:41 pm

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি নজরুলের স্ত্রী মৃত উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করেন। রাত সোয়া আটটার পর সিআইডির ফরেনসিক দলের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করবেন। তবে মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।
গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য। চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে জানান, ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুন তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী ও মরিয়ম খাতুনের পরিবারের পক্ষ থেকেও বিয়ের বিষয়টি নিশ্চিত করার দাবি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা জানায়। মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ এখন তদন্ত করছে।



ফেসবুক কর্নার