September 21, 2026, 11:36 pm

বিশ্বনাথে ভারতীয় মদসহ স্বামী-স্ত্রী আটক

সুজন আহমদ (সিলেট প্রতিনিধি)

সিলেটের বিশ্বনাথে পুলিশের অভিযানে ২০৩ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ ও নগদ ৯ হাজার ৫০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। আটকরা হলেন আব্দুল হক (৫০) ও তার স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া এলাকায় আব্দুল হকের বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আব্দুল হক ওই এলাকার মৃত আব্দুল মছবিবরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওধার মাঝপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল হকের বসতঘরের শোয়ার ঘরের খাটের নিচ এবং বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ের মাটির নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২০৩ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করা হয়। একই অভিযানে মদ বিক্রির নগদ ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে আব্দুল হক ও তার স্ত্রী রুজি বেগমকে আটক করা হয়।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদ ও নগদ টাকা আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। তবে মাদকদ্রব্যগুলো কীভাবে তাদের কাছে এসেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।



ফেসবুক কর্নার