September 21, 2026, 11:35 pm

অভয়নগরে গুলি ও দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার এক

অভয়নগর প্রতিবেদক

যশোরের অভয়নগরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার রমজান (২২) দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে। অভয়নগর থানার ওসি মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় এসআই নাসিরউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালায়। সেখানে পলিথিনে পেঁচিয়ে মাটিতে পুঁতে রাখা একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান এবং সাত রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি সচল এবং ওয়ান শুটার গানটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত রয়েছে। উদ্ধার করা গুলিগুলোর পেছনে ইংরেজিতে ‘KF 7.65’ লেখা রয়েছে। পুলিশ আরও জানায়, অস্ত্র ও গুলিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভয়নগর থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার রমজানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই দক্ষিণডিহি গ্রামের ওই বাঁশবাগানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩)-এর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় রমজানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধারের পর ঘটনায় নতুন করে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে হত্যা মামলার তদন্তও অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার