সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা এবং ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় গত বছরের ৪ জুন মামলা করে দুদক।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে ইমা ক্লেয়ার বার্টনের গোপনে দেশত্যাগের চেষ্টার তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে চলে গেলে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত এবং তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদন করা হয়। এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত