September 22, 2026, 10:42 pm

সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক নয়, বললেন স্বাস্থ্যমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগের সময়ে অনেক ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারে আসার পর সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অনুমোদিত ক্লিনিকগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সাপের কামড়ে রোগীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, দেরি না করে দংশনের পর দ্রুত হাসপাতালে নিতে হবে। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী অক্টোবর থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে একসঙ্গে ১০ জন রোগীর ডায়ালাইসিস সুবিধা, আধুনিক প্যাথলজি ল্যাব এবং নারী-পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। পরিদর্শনকালে স্থানীয় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার