ঝিনাইদহের কালীগঞ্জ শহরের যানজট কমানো ও ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে পৌর মার্কেট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের মিনি স্টেডিয়ামের পূর্ব পাশে মার্কেটটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে রাশেদ খাঁন বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ও সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট স্থানে ব্যবসায়ীদের পুনর্বাসন করা হলে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন
বলে তিনি উল্লেখ করেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পিত মার্কেট নির্মাণের মাধ্যমে ফুটপাত ও সড়কের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সুধী সমাবেশে পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মার্কেটটি নির্মাণ শেষ হলে নির্দিষ্ট স্থানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসার সুযোগ তৈরি এবং শহরের যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।