September 24, 2026, 10:38 pm

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ৩

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি, ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী শাহজাদপুর থানায় মামলাটি করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রীর মেসে তাঁর এক পুরুষ বন্ধু আসেন। পরে পাশের একটি বিকাশ অফিসের সিসিটিভি ফুটেজ দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী। একই দিন রাতে তাঁকে আবারও একটি বিকাশ অফিসে ডেকে নিয়ে টাকা দিতে না পারায় সোনার চেইন দাবি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে মো. তারেক রানা ও মো. সামাদের বিরুদ্ধে তাঁকে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন ডাকবাংলাপাড়া এলাকার মো. তারেক রানা (৩৬), মো. সামাদ (সাহাবউদ্দিন), মো. হোসেন আলী (৪৮) ও মো. চয়ন ইসলাম (২৭)। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।



ফেসবুক কর্নার