বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি দাবি করেন, ২৭ জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি।
গোলাম পরওয়ারের অভিযোগ, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ শেষ করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও অনেককে ভেরিফিকেশনের নামে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কোন আইন, মানদণ্ড ও কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাদের বাদ দেওয়া হয়েছে। অনেক প্রার্থী রাজনৈতিক, পারিবারিক পরিচয়, মতাদর্শ কিংবা সামাজিক অবস্থান বিবেচনায় বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে কারা বাদ পড়েছেন, কেন বাদ পড়েছেন এবং কোন কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাদ পড়েছেন, তা প্রকাশ করা প্রয়োজন। নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোনো নিরপরাধ প্রার্থী অন্যায়ভাবে বঞ্চিত হয়ে থাকলে দ্রুত প্রতিকার এবং অনিয়ম বা বৈষম্যের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।