September 25, 2026, 8:05 pm

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান বাংলাদেশের

ইসমাইল হোসেন

১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে গঠিত গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দেওয়া বক্তব্যে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের আওতায় নেওয়া পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে স্পষ্ট জবাবদিহি নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের নিজেদের বিষয় নিজেরা পরিচালনার সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর ম্যান্ডেট সুরক্ষিত রাখা ও ধারাবাহিক অর্থায়নের আহ্বান জানান। তিনি গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যাগত পরিবর্তন ঠেকানোর পাশাপাশি বসতি সম্প্রসারণ বন্ধের কথাও বলেন। বৈঠকে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা।



ফেসবুক কর্নার