
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি দাবি করেন, গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের কারণে অন্তত এক হাজার মেধাবী তরুণ নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, লিখিতসহ নিয়োগের অন্যান্য ধাপে মেধার প্রমাণ দেওয়ার পরও প্রার্থীদের প্রায় আট মাস ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রাখা হয়েছে। শেষ পর্যন্ত তাদের নিয়োগপত্র না দেওয়ায় তারা হতাশায় পড়েছেন বলে তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, বাদ পড়া অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির তথ্য নেই এবং অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া ছাড়া ভেরিফিকেশনের ভিত্তিতে মেধাবী প্রার্থীদের নিয়োগ থেকে বাদ দেওয়া হলে তা নিয়োগব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, তাদের নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি বাদ দেওয়ার কারণ ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।