September 26, 2026, 10:32 pm

বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন: ফয়জুল করীম

আনোয়ার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সরকার গঠনের পর ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না বলে তিনি মনে করেন। তার দাবি, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে পরিস্থিতির অবনতি হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও মাস্তানির অভিযোগ তুলে তিনি বলেন, সার্বিকভাবে সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সংকট মোকাবিলা ও মানুষের সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে অংশ নেবে। শরিয়াহ, সততা ও দক্ষতাকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সাংগঠনিক বিষয়ে নির্দেশনা দেন।



ফেসবুক কর্নার