
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণ যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে সময় পর্যন্ত সরকার ক্ষমতায় থাকবে। কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলে দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে দেশবাসীকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানিয়ে টুকু বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দেখা দিলে তারা জনগণের কাছে গেছেন। জনগণ ধৈর্য ধরেছেন এবং তাদের দাবি অনুযায়ী সমস্যার সমাধান করা হয়েছে। সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আমিরুল ইসলাম খান আলিম এমপি, মোঃ সেলিম রেজা এমপি ও মোঃ আয়নুল হক এমপি।