
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হলেও নিউইয়র্কে সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে সাক্ষাতের আয়োজন করা হয়। মিশিগান, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, বোস্টন, ফ্লোরিডা, পেনসিলভেনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেকে তারেক রহমানকে একনজর দেখা ও ছবি তোলার প্রত্যাশায় নিউইয়র্কে আসেন। তবে নিরাপত্তাজনিত কারণ ও বিপুলসংখ্যক উপস্থিতির কারণে হাতেগোনা কয়েকজন সাক্ষাতের সুযোগ পান।
সাক্ষাৎ না পেয়ে দূর-দূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে হোটেলের লবিতে হট্টগোল শুরু হলে নিউইয়র্ক সিটি পুলিশ ও সিক্রেট সার্ভিস সদস্যরা নিরাপত্তাবলয় তৈরি করেন। নেতাকর্মীদের অভিযোগ, আয়োজকদের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ থেকে বঞ্চিত হয়েছেন। ফ্লোরিডা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বোস্টন বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুলসহ বিভিন্ন স্টেটের নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর দলের প্রধানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ছিল নেতাকর্মীদের। কিন্তু কাঙ্ক্ষিত সাক্ষাৎ না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন। নেতারা অভিযোগ করেন, কয়েকজন কেন্দ্রীয় ও আয়োজক নেতার সমন্বয়হীনতার কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান তারেক রহমান। শুক্রবার রাতে সফর শেষে তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ক্ষুব্ধ ও হতাশ নেতাকর্মীরা