September 26, 2026, 11:17 pm

রাইমা সেনের জীবনদর্শন, ‘প্রেম ছাড়া জীবন অর্থহীন’

অভয়নগর প্রতিবেদক

ছকবাঁধা নিয়মে জীবনযাপন নয়, নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতেই পছন্দ করেন টলিউড ও বলিউডের অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রেম, জীবনদর্শন ও অবিবাহিত থাকার কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী। বিয়ে করতেই হবে—এমন প্রচলিত ধারণায় তিনি বিশ্বাসী নন বলেও জানিয়েছেন।

প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের কন্যা এবং কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের পরিচিত মুখ। পারিবারিকভাবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলেও নিজের স্বতন্ত্র পরিচয়েই পরিচিত হতে পছন্দ করেন তিনি। সাক্ষাৎকারে রাইমা জানান, তাঁর জীবনে যারা এসেছেন, তাদের কেউ কেউ হয়তো বিয়ে করতে চেয়েছেন কিংবা তাঁকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। কিন্তু তাঁর স্বাধীনচেতা মানসিকতার সঙ্গে তা মেলেনি। নিজের মনের মতো জীবনসঙ্গী এখনও পাননি বলেও জানান তিনি।

প্রেমের বিষয়ে অবশ্য রাইমার দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তাঁর ভাষায়, ‘প্রেম খুব হেলদি।’ তিনি মনে করেন, ভালোবাসা ছাড়া সুখী জীবনের অর্থ খুঁজে পাওয়া কঠিন। তাঁর মতে, জীবন খুব ছোট, তাই মন খুলে তা উপভোগ করা উচিত। জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রেও তাঁর কোনো তাড়া নেই। বরং হঠাৎ করেই জীবনে বিশেষ কেউ এসে যেতে পারেন বলে বিশ্বাস করেন তিনি। অভিনয়ের প্রস্তাব যেমন অপ্রত্যাশিতভাবে আসে, তেমনি কোনো একদিন বিশেষ মানুষের ফোনও আসতে পারে—এমন প্রত্যাশাই রাইমার।



ফেসবুক কর্নার