September 26, 2026, 10:30 pm

৪০ বছরের আক্ষেপ ঘোচাতে ব্যর্থ, টাইব্রেকারে হারল আর্জেন্টিনা

অভয়নগর প্রতিবেদক

ঘরের মাঠে চার দশকের স্বর্ণপদকের খরা কাটানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে নাটকীয় টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৫-৪ গোলে হেরে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রোজারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ম্যাচ গোলশূন্য সমতায় শেষ হয়।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে ৯০ মিনিটে প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি দিয়েগো প্লাসেন্তের দল। প্যারাগুয়েও পাল্টা আক্রমণ থেকে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় সরাসরি টাইব্রেকারে গড়ায় ফাইনাল।
পেনাল্টি শুটআউটে প্যারাগুয়ের পাঁচ শটের সবকটিই জালে যায়। বিপরীতে আর্জেন্টিনার একটি শট লক্ষ্যভ্রষ্ট হলে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। এর আগে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। পরে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ও ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ চারে ওঠে তারা। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে দেশটি সর্বশেষ স্বর্ণপদক জিতেছিল ১৯৮৬ সালে।



ফেসবুক কর্নার