হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) স্ট্যান্ডের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় দফায় দফায় চলা এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় অটোরিকশা ও ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে কয়েক দফা বাগবিতণ্ডা ও ঝগড়ার পর রোববার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরে পরিস্থিতি শান্ত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, স্ট্যান্ডের দখল নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।