September 27, 2026, 11:49 pm

নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন করলেন না হাসনাত

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নামফলকে নিজের নাম দেখে একটি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে রোববার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উদ্বোধনের আগে নামফলকের পর্দা সরানো হলে সেখানে নিজের নাম খোদাই করা দেখতে পান হাসনাত। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং জনগণের করের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তির নামে নামফলক দেওয়ার সংস্কৃতিকে সমর্থন করেন না বলে জানান। তিনি জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধের পক্ষে মত দেন।

এ ঘটনায় রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ দুঃখ প্রকাশ করে জানান, দ্রুত নামফলক পরিবর্তন করে পুনঃস্থাপন করা হবে। হাসনাত বলেন, ভবিষ্যতে তাঁর নির্বাচনী এলাকার কোনো উন্নয়নমূলক কাজের উদ্বোধনী ফলকে তাঁর নাম ব্যবহার না করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার