October 5, 2026, 9:45 am

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

অভয়নগর প্রতিবেদক

  1. মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) পরিবারের বরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
    ড. সিতি হাসমাহ মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন। তিনি দেশটির ইতিহাসের শুরুর দিকের মালয় নারী চিকিৎসকদের একজন। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করে দীর্ঘ কর্মজীবনে চিকিৎসা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর সুরক্ষায় তার অবদান উল্লেখযোগ্য। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দেশটির জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
    ১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। মাহাথির মোহাম্মদের দুই মেয়াদে প্রধানমন্ত্রিত্বের সময় তিনি মালয়েশিয়ার ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুতে মালয়েশিয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার