
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার আড়াই মাসের মধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার (৫ অক্টোবর) সকালে কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দলটিতে যোগ দেওয়ার পর কোয়েল বলেন, পশ্চিমবঙ্গে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে আরও কাজ করতে চান।
বিজেপিতে যোগ দেওয়ার সময় দলের রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী তার গলায় উত্তরীয় পরিয়ে দেন এবং হাতে দলের পতাকা তুলে দেন। রাজ্যসভার প্রার্থী করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান কোয়েল। দলবদলের পর তৃণমূলের বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য না করে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে ভালো কাজ করার চেষ্টা করে।
গত ১৬ জুলাই তৃণমূলের রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন কোয়েল। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল তাকে রাজ্যসভার প্রার্থী করেছিল এবং ৬ এপ্রিল তিনি শপথ নেন। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ নিতে দেখা যায়নি তাকে। কোয়েলের আগে তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদও বিজেপিতে যোগ দিয়ে উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন। আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার এই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।