September 28, 2026, 11:22 pm

‘আসসালামু আলাইকুম’ বলে আরবিতে চমক দিলেন রোনালদো জুনিয়র

অভয়নগর প্রতিবেদক

ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র এবার মাঠের পারফরম্যান্সের বাইরে আরবিতে কথা বলে ভক্তদের নজর কেড়েছেন। ১৬ বছর বয়সী জুনিয়রকে শনিবার (২৬ সেপ্টেম্বর) আল নাসরের যুব দলের এক সতীর্থের সঙ্গে আরবিতে কথা বলতে দেখা যায়। এরই মধ্যে সেই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, কাইফ আল হাল?’—যার অর্থ ‘আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, কেমন আছেন?’ কথোপকথনের সময় কিছু ইংরেজি শব্দও ব্যবহার করেন তিনি।
সৌদি আরবে দীর্ঘদিন বসবাসের কারণে জুনিয়রের আরবি শেখাটা খুব একটা অবাক করার মতো নয়। ২০২২ সালের ডিসেম্বরে বাবা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই সৌদি আরবে রয়েছেন তিনি। একই সঙ্গে আল নাসরের যুব দলে ফুটবল প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। মাঠেও ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করছেন জুনিয়র। সম্প্রতি সৌদি অনূর্ধ্ব-১৭ প্রিমিয়ার লিগে আল আহলির বিপক্ষে আল নাসর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দুটি গোল করেন তিনি। ১২তম ও ৪৪তম মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন। পরে ছেলের দুই গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন রোনালদো।
বাবার মতো পর্তুগালের হয়েও ফুটবলে পথচলা শুরু করেছেন জুনিয়র। ২০২৫ সালের মে মাসে অনূর্ধ্ব-১৫ পর্যায়ে প্রথমবার পর্তুগালের দলে ডাক পান তিনি। এরপর দেশটির বিভিন্ন বয়সভিত্তিক যুব দলে খেলছেন। সৌদি আরবে যাওয়ার আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলেও খেলেছেন জুনিয়র, যে ক্লাবের হয়ে তার বাবাও খেলেছেন। ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন, বাবার মতো তিনিও বড় ক্যারিয়ার গড়তে পারবেন কি না। ভাইরাল ভিডিওটি দেখিয়ে দিচ্ছে, ফুটবলের পাশাপাশি সৌদি আরবের স্থানীয় ভাষা আরবিও শিখে নিচ্ছেন রোনালদো জুনিয়র।



ফেসবুক কর্নার