September 28, 2026, 11:24 pm

হামের উপসর্গে নোয়াখালীতে আরও দুই শিশুর মৃত্যু

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার নোয়াখালী
Oplus_131072

নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১১৫ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ার হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জ্বর ও হামের উপসর্গ নিয়ে বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের জিহাদ (৮) হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তীব্র জ্বর ও কাশি নিয়ে বেগমগঞ্জের হাজীপুরের ছয় বছর বয়সী মাহিয়ার হাসপাতালে ভর্তি হয়। রাত ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ডা. আনোয়ার হোসেন জানান, আক্রান্ত শিশুদের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৬১ শিশু বাড়ি ফিরে গেছে। জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্য বিভাগের নজরদারি জোরদারের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার