রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ম্যাঙ্গো লাভার’-এর কার্যালয়ে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ পারভেজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরনিম আকতার তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাজশাহী কলেজের ২১ বছর বয়সী এক শিক্ষার্থী পবা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রধান আসামি মুরাদ পারভেজ (৩৫)। অপর আসামিরা হলেন তার বন্ধু শের আলী দুলাল ও রিপন আলী। এজাহার অনুযায়ী, রিপনের মাধ্যমে শের আলীর সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় এবং তাদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ জুলাই শের আলী রাজশাহীতে এসে ওই তরুণী ও তার ছোট বোনের সঙ্গে দেখা করেন এবং বিয়ের কেনাকাটা করেন। পরে তারা নওহাটায় ‘ম্যাঙ্গো লাভার’-এর কার্যালয়ে গেলে সেখানে একটি কক্ষে শের আলী তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, শের আলী চলে যাওয়ার পর মুরাদ পারভেজও ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি কার্যালয় থেকেই পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গেলে মুরাদ সেখান থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর আগে মুরাদ পারভেজ অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, শের আলী ওই তরুণীকে বিয়ে করতে রাজশাহীতে এসেছিলেন এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।