
স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’—সালমানের এই ছোট্ট পোস্ট ঘিরে সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ পরামর্শ দিয়েছেন, আবার কেউ রসিকতা করেছেন। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে অনুসারীদের কৌতূহলও প্রকাশ পেয়েছে।
সালমানের পোস্টে অনেকে সম্ভাব্য সমঝোতা ও নতুন কোনো ঘটনার ইঙ্গিত খুঁজেছেন। কেউ লিখেছেন, ‘কেউ কি সমঝোতা করতে এসেছে?’ আবার কেউ তাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ‘ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!’—এমন মন্তব্যের পাশাপাশি কেউ কেউ সম্ভাব্য নতুন কোনো ঘটনার আভাস নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে পোস্টটির মাধ্যমে সালমান আসলে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।