
সিলেটের জৈন্তাপুর উপজেলার বাউরভাগ মল্লিফৌদ এলাকায় সাফরি নদীর পাড় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া ১১১ রাউন্ড গুলি, দুটি রাইফেলের ম্যাগাজিন ও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীর তীরবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধার করা গুলিগুলো থ্রি-নট-থ্রি রাইফেলের এবং এগুলো একটি থানা থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা দুটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক হওয়ায় এসআরবি-৯-এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বিধি অনুযায়ী সেগুলো ধ্বংস করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসব অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে এসআরবি। ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।