September 29, 2026, 2:09 pm

মাত্র ৩০ বছরেই রহস্যজনক মৃত্যু ইনফ্লুয়েন্সার নিধির

অভয়নগর প্রতিবেদক

ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল নিধি তিওয়ারির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার মধ্যপ্রদেশের সিংগ্রৌলি জেলার ভুসা মোড় এলাকার নিজ বাড়ি থেকে ৩০ বছর বয়সী এই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন নিধি। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। ২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জয়ের পর তার পরিচিতি আরও বাড়ে। এরপর মডেলিং ও অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন তিনি। মৃত্যুর আগে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়। পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মৃত্যুর আগে কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন নিধি।
তবে ওই ফোনালাপের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মরওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. জ্ঞানেন্দ্র সিং জানিয়েছেন, নিধির পরিবারের সদস্য ও পরিচিতজনসহ সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে তার কল রেকর্ড, ডিজিটাল কার্যক্রম ও অন্যান্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নিধির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।



ফেসবুক কর্নার