September 29, 2026, 4:37 pm

বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

অভয়নগর প্রতিবেদক

 

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমখোলা বাজারে ‘১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন’-এর ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানও রয়েছে। পরে ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়া হয়। মিছিলে থাকা উপজেলা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরান দাবি করেন, পেছন থেকে কে বা কারা যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান দিয়েছে। তিনি জানান, আমখোলা চৌরাস্তায় ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদারের অনুরোধে তিনি মিছিলে যোগ দেন।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী বলেন, তারা দলীয় স্লোগান দিয়েই মিছিল করেছেন এবং যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগানের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। আমখোলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদারের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান জানান, মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার