September 29, 2026, 4:35 pm

বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করতে ঢাকায় আসছেন ওয়াহাজ আলী

অভয়নগর প্রতিবেদক

 

‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী বাংলাদেশে আসছেন। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি একটি আয়োজনে অংশ নেবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশ সফরের বিষয়টি জানিয়েছেন ওয়াহাজ আলী। আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’।

ভিডিও বার্তায় বাংলাদেশি দর্শকদের উদ্দেশে ওয়াহাজ আলী বলেন, আসন্ন ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ নিয়ে তিনি উচ্ছ্বসিত। সেখানে দর্শকদের সঙ্গে দেখা, সময় কাটানো এবং স্মৃতি তৈরির অপেক্ষায় রয়েছেন তিনি। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি এক্সিবিশনের সমাপনী আয়োজনে অংশ নিতে ওয়াহাজ আলী বাংলাদেশে আসছেন। তিনি আয়োজকের ব্যক্তিগত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন। ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন এবং তারা ওয়াহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

আয়োজকরা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’—এ ধরনের তথ্য সম্পর্কে তারা অবগত নন। ওয়াহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক করেন। পরে ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন। ২০২১ সালে ‘জো বিছার গায়ে’ নাটকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রেও অভিনয় করেন তিনি। তবে ‘তেরে বিন’ নাটকের মুরতাসিম খান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পান ওয়াহাজ আলী।



ফেসবুক কর্নার