September 29, 2026, 5:52 pm

অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটে আসছে পারমাণবিক জ্বালানি

অভয়নগর প্রতিবেদক

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন ‘রোসাটম’ এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আকাশপথে সাতটি পৃথক কার্গো চালানের মাধ্যমে এসব জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে।
এর আগে পরিকল্পনা অনুযায়ী ২৪ সেপ্টেম্বর প্রথম চালান আসার কথা থাকলেও বিমানটির নির্ধারিত রুটে থাকা একটি দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় তা পিছিয়ে যায়। পরবর্তীতে আকাশসীমা সংক্রান্ত জটিলতার সমাধান করে বিকল্প রুটে ১ অক্টোবর থেকে জ্বালানি সরবরাহ শুরুর নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে, অর্থাৎ মোট সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে। দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হলে কেন্দ্রটির কমিশনিং কার্যক্রম ও বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার প্রক্রিয়া আরও সক্রিয় হবে।



ফেসবুক কর্নার