October 5, 2026, 4:23 am

একই ফ্রেমে শাহিদের সাবেক কারিনা ও স্ত্রী মীরা

অভয়নগর প্রতিবেদক

একসময় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি এবং বিচ্ছেদের পর দুজনের মধ্যে তেমন যোগাযোগও ছিল না। ‘জব উই মেট’ সিনেমার শুটিংয়ের সময় তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও অভিনয়ে তার কোনো প্রভাব পড়েনি। পরিচালক ইমতিয়াজ আলি এক সাক্ষাৎকারে দুজনের পেশাদার আচরণের প্রশংসাও করেছিলেন। পরে কারিনা ২০১২ সালে সাইফ আলি খানকে এবং শাহিদ ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন।
এবার কারিনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। এরই মধ্যে অনুষ্ঠানের শুটিং শেষ হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন মীরা। কারিনাও একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে প্রথমবার একই ফ্রেমে দেখা গেছে শাহিদের সাবেক প্রেমিকা কারিনা ও বর্তমান স্ত্রী মীরাকে। ফলে ছবিটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে বলিপাড়ায় ও ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
অনুষ্ঠানে কারিনা ও মীরার মধ্যে কী কী আলোচনা হয়েছে, তা এখনো প্রকাশ্যে আসেনি। ছবি প্রকাশ করে মীরা লিখেছেন, নারীরা নিজেদের মতো করে বাঁচতে চান এবং তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কারিনাকে ধন্যবাদ জানিয়েছেন। জবাবে কারিনা জানান, মীরা অনুষ্ঠানে এসেছেন বলে তিনি খুশি। কারিনার এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার, বন্ধুত্ব ও তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। তাই মীরার উপস্থিতির কারণে শাহিদের সঙ্গে তার দাম্পত্য জীবন, সন্তানদের বড় করে তোলা ও নিজের জীবনযাপন নিয়ে কোনো অজানা কথা প্রকাশ পায় কি না, তা নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার