October 5, 2026, 4:23 am

পাঁচ মাস পিছিয়ে ‘আন্ধার’, মুক্তি পাবে ২৬ মার্চ

অভয়নগর প্রতিবেদক

 

দেশের চলচ্চিত্রে বড় ক্যানভাসে নির্মিত ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’-এর মুক্তি পাঁচ মাস পিছিয়েছে। ছবিটি নির্ধারিত সময়ে মুক্তি না দিয়ে আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রায়হান রাফি। সিনেমার মান ও ভিএফএক্সের কাজ আরও নিখুঁত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। নির্মাণের ঘোষণা থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রায়হান রাফি মুক্তির তারিখ পরিবর্তনের কারণ জানান। তিনি বলেন, সিনেমাটি তার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শুট করা ও যত্ন নিয়ে নির্মিত কাজ। আগামী ১৬ অক্টোবর মুক্তি দেওয়া সম্ভব হলেও ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ মানসম্মতভাবে শেষ করতে আরও সময় প্রয়োজন। দর্শকদের মানসম্মত সিনেমা উপহার দিতে চান বলেই নির্ধারিত সময় থেকে সরে এসেছেন তিনি। ঈদসহ অন্যান্য বিষয় বিবেচনা করে ২৬ মার্চকে সিনেমাটি মুক্তির উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে।

‘আন্ধার’-এর মূল গল্প বুনেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। দীর্ঘদিন ভূত নিয়ে গবেষণা ও রেডিওর জনপ্রিয় ‘ভৌতিস্ট’ অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে চলচ্চিত্রটির গল্পের ধারণা নেওয়া হয়েছে। চিত্রনাট্যে তাদের সঙ্গে যুক্ত ছিলেন আদনান আদিব খান। সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। এ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নতুন দুই মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।



ফেসবুক কর্নার