
মোহাম্মদ আবু সালেহ, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ। মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের কুড়িপাড়া এলাকায় পরিবারের ভাড়া বাসার একটি কক্ষে শিশুটির ওপর ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় মনির হোসেনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ১২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালতে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।