October 5, 2026, 4:21 am

মৃত্যুর গুজবের মাঝেই সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত জ্যাকি চ্যানের

অভয়নগর প্রতিবেদক

হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের মৃত্যুর খবর সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৭১ বছর বয়সি ‘রাশ আওয়ার’খ্যাত এই অভিনেতার মৃত্যু হয়েছে দাবি করে একটি পোস্ট ভাইরাল হয়। পোস্টটিতে জ্যাকি চ্যানের সাদা-কালো ছবি ব্যবহার করে তার নামের পাশে ‘১৯৫৪-২০২৬’ লেখা ছিল। তবে খবরটি সম্পূর্ণ ভুয়া বলে জানানো হয় এবং জ্যাকি চ্যান জীবিত ও সুস্থ আছেন বলে তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
এর মধ্যেই জ্যাকি চ্যানের বিপুল সম্পত্তি নিয়ে তার পুরোনো একটি সিদ্ধান্তও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রে তার সম্পত্তির আনুমানিক মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বলা হয়েছে। তবে এত বিপুল সম্পত্তি থাকলেও নিজের একমাত্র ছেলে জেসি চ্যানের জন্য পুরো সম্পত্তি রেখে যেতে চান না তিনি। বরং উপার্জনের বড় একটি অংশ দাতব্য কাজে ব্যবহারের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন জ্যাকি চ্যান।
অভিনেতা বলেছিলেন, ছেলে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে নিজের অর্থ নিজেই উপার্জন করতে পারবে। আর যদি সে সেই দায়িত্ব নিতে না পারে, তাহলে বাবার বিপুল অর্থও তার কাজে আসবে না। দীর্ঘ ক্যারিয়ারে অভিনেতার পাশাপাশি প্রযোজক, পরিচালক, স্টান্ট পারফর্মার ও গায়ক হিসেবেও কাজ করেছেন জ্যাকি চ্যান। ‘রাশ আওয়ার’, ‘দ্য কারাটে কিড’ ও ‘শাংহাই নুন’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় ও নিজস্ব স্টান্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।



ফেসবুক কর্নার