September 30, 2026, 10:34 pm

টাঙ্গাইলে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আটক ১

কবির হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের নাগরপুরে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে মজনু মিয়া (৫০) নামে এক গৃহস্থ নিহত হয়েছেন। এ সময় চোরকে বাধা দিতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই গ্রামের মৃত বেল্লাল মিয়ার ছেলে। তিনি পেশায় ঢালাই মিস্ত্রির সহকারী ও তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গয়হাটা গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ছামিনুর মিয়া মজনু মিয়ার বাড়িতে চুরি করতে গেলে তার ছোট মেয়ে জুলেখা তাকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে ছামিনুর খড়ের গাদার পেছনে লুকিয়ে থাকলে মজনু তাকে ধরে ফেলেন। এ সময় ছামিনুর ছুরি দিয়ে মজনুর গলা ও ঘাড়ে আঘাত করে। প্রতিবেশী আলতাফ ও নাজমুল তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়।
আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন। আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর রাকিবুল ইসলাম লীন জানান, ছুরির আঘাতে ক্যারোটিড আর্টারি কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নাগরপুর থানার ওসি মোঃ জহুরুল ইসলাম জানান, ছামিনুরকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার