September 30, 2026, 11:19 pm

মৌলভীবাজারে নাঈম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

হাবিবুর রহমান নাজমুল

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
মামলার নথি ও ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামে নাঈমের বাবা চেরাগ মিয়ার বাসায় চাঁদা নিতে যান আসামিরা। এ সময় চেরাগ মিয়া ও তার স্ত্রী শামসুন নাহারকে গালাগাল ও মারধরের অভিযোগ ওঠে। পাশাপাশি নাঈমের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ আনা হয়। নাঈম বিষয়টি থামাতে এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ৯ নভেম্বর নাঈমের বাবা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন।
খালাসপ্রাপ্তরা হলেন পারভীন বেগম, রুখসানা আক্তার জেসি, সাকির আহমদ শাকিল, আল আমিন ও ইমন মিয়া (পলাতক)। রায়ে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। নাঈমের বাবা চেরাগ মিয়া, মা সামছুন নাহার ও স্বজনরাও রায়ে সন্তোষ জানিয়ে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার