
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা জরুরি। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে স্থায়ী সমাধান সম্ভব নয়; তাদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, সড়ক যানবাহন ও ফুটপাত পথচারীদের চলাচলের জন্য হলেও সামাজিক শৃঙ্খলার অভাবে সেখানে ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ, সিটি করপোরেশনের যৌক্তিক হারে রাজস্ব আদায় এবং চাঁদাবাজি বন্ধের কথা বলেন।
তিনি আরও বলেন, দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানান। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ড. মো. রেজাউল করিম, ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।