
ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মারুফ ও মো. স্বাধীন।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই দিন বেলা আনুমানিক ৩টার দিকে মারুফ ও স্বাধীন বাড়িতে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। সন্ধ্যায় মা বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী জানান, রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।